অনলাইন লেনদেনে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

২ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৮  
বাংলাদেশের ব্যাংকিং খাতে আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ম্যালওয়্যার সফটওয়্যারের সন্ধান পাওয়ায় অনলাইন লেনদেনে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নেতৃত্বে গঠিত একটি জাতীয় টাস্কফোর্স দেশের আর্থিক খাতে এই ম্যালওয়্যার সফটওয়্যারের সন্ধান পায়। এরপরই আইসিটি বিভাগ থেকে সরকারের উচ্চপর্যায়কে অভিহিত করা হয়। উচ্চপর্যায়ের নির্দেশে তা কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অনলাইন লেনদেনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত- এ ৫ দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে একাধিক নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকেও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও বিশেষ নজরদারি করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোও অনলাইন লেনদেনে অধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে আছে সিস্টেমস পরিচালনার ইউজার নেম, পাসওয়ার্ড, সিস্টেমস পরিচালন পদ্ধতি ইত্যাদি তথ্য। এগুলো ব্যবহার করে ম্যালওয়্যারের প্রেরক সিস্টেমস হ্যাক করতে পারে। অর্থসহ অন্যান্য তথ্য চুরি করতে পারে বলে আগাম সতর্ক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।